রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে (২৫) ধর্ষণের অভিযোগে করা মামলায় অভিযুক্ত শ্রী নিতাই চন্দ্র দাস (৩৫)-কে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার (৮ এপ্রিল) রাতে গোদাগাড়ী থেকে তাকে আটক করা হয়।
এর আগে, ভুক্তভোগীর ভাই শ্রী প্রদীপ বাদী হয়ে গোদাগাড়ী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণীর ৫ বছর আগে বিবাহবিচ্ছেদ হওয়ার পর থেকে তিনি ভাইয়ের বাড়িতেই থাকতেন। প্রতিবেশী হওয়ার সুবাদে হাবাসপুর গ্রামের মৃত কার্তিক দাসের ছেলে নিতাই চন্দ্র দাসের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৭ এপ্রিল সকালে বিয়ের কথা বলে জনৈক কামরুল গাজীর একটি ভুট্টা ক্ষেতে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণ করে নিতাই। ওই সময় স্থানীয়রা চিৎকার শুনে এগিয়ে আসলে অভিযুক্ত পালিয়ে যায়।
থানায় এজাহার দায়েরের পর পুলিশ দ্রুত তৎপরতা শুরু করে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও গোদাগাড়ী মডেল থানার একটি বিশেষ দল গত ৮ এপ্রিল রাতে অভিযান চালিয়ে আসামি নিতাই চন্দ্র দাসকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গোদাগাড়ী মডেল থানার পক্ষ থেকে জানানো হয়, এজাহার প্রাপ্তির পরপরই সেটিকে মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় এবং আসামির অবস্থান নিশ্চিত হয়ে রাতেই অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আসামিকে আজ যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।
ভিকটিম তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে বলেও পুলিশ নিশ্চিত করেছে।
