গোদাগাড়ীতে ইউনিয়ন পরিষদের সামনে অজ্ঞাতনামা মহিলার লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক:- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে এক অজ্ঞাতনামা মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গোদাগাড়ী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর বয়সী ওই নারীর পরনে সালোয়ার-কামিজ ছিল। প্রাথমিকভাবে তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।
লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিচয় জানতে স্থানীয় বিভিন্ন থানা ও হাসপাতালে খোঁজ নিচ্ছে পুলিশ।
কোনো ব্যক্তি নিখোঁজ মহিলার বিষয়ে তথ্য থাকলে গোদাগাড়ী মডেল থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ।
