রাজশাহীর গোদাগাড়ীতে মসজিদের টাকা আত্মসাৎ ও চেক জালিয়াতির অভিযোগে ১ জনকে গ্রেফতার করেছে গোদাগাড়ী থানা পুলিশ। আসামি মুশফিকুর রহমান শাহিন সরকার উপজেলার রিশিকুল ইউনিয়নের চব্বিশনগর গ্রামের বাসিন্দা। চেক জালিয়াতি ও প্রতারণার অভিযোগে তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
গত ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতের কাছে তাকে সোপর্দ করে পুলিশ।
অভিযোগ সূত্রে জানা যায় , শাহিন সরকার চব্বিশনগর গ্রামের জামে মসজিদের ওয়াকফ স্টেটের মোতাওয়াল্লি হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছিলেন। তিনি ক্ষমতার অপব্যবহার করে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সিল ও স্বাক্ষর জাল করেন। এরপর সেই জাল সিল-স্বাক্ষর ব্যবহার করে মসজিদের ব্যাংক হিসাব থেকে প্রায় ২ লাখ ৮৫ হাজার ৮০০ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন।
বিষয়টি টের পেয়ে মসজিদ কমিটির পক্ষ থেকে গোদাগাড়ী মডেল থানায় জালিয়াতি ও প্রতারণার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে শাহিন সরকারকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা জানান, ধর্মীয় প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের মতো জঘন্য কাজ মেনে নেওয়া যায় না। তারা দ্রুত তদন্তের মাধ্যমে আত্মসাৎ করা সম্পূর্ণ অর্থ উদ্ধার করে মসজিদের হিসাবে ফেরত দেওয়ার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের বিরুদ্ধেও দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ সুজন মিঞা বলেন, “অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ওয়াকফ সম্পত্তি ও প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের ঘটনায় এলাকাবাসীর মাঝে আস্থার সংকট দেখা দিয়েছে বলে জানান স্থানীয়রা।
