দলিল রেজিস্ট্রি করতে এসে কোনো মানুষ যেন হয়রানির শিকার না হয়। গোদাগাড়ী সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় এ আহ্বান জানিয়েছেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মোঃ মুজিবুর রহমান।
শনিবার (৯ মে) বেলা ১১টায় গোদাগাড়ী সাব-রেজিস্ট্রি অফিস ও দলিল লেখক সমিতির যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। গোদাগাড়ী দলিল লেখক সমিতির আহবায়ক মোঃ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী -১ (গোদাগাড়ী -তানোর) আসনের সাংসদ অধ্যাপক মজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা রেজিস্ট্রার মোঃ আব্দুর রাকিব সিদ্দিকী ও গোদাগাড়ী সাব-রেজিস্ট্রার মোঃ শাহীন আলী।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মুজিবুর রহমান বলেন, বর্তমান সরকার ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা বাস্তবায়নে কাজ করছে। দলিল লেখক, জনগণ ও অফিসের মধ্যে সেতুবন্ধন ও আপনাদের পেশাদারিত্বই পারে সাধারণ মানুষের আস্থা ফেরাতে।
জেলা রেজিস্ট্রার মোঃ আব্দুর রাকিব সিদ্দিকী বলেন, ই-রেজিস্ট্রেশন, অনলাইন ফি প্রদান চালু হওয়ায় দুর্নীতির সুযোগ কমেছে। সেবার মান আরও বাড়াতে আমরা নিয়মিত মনিটরিং করছি।
সভায় দলিল লেখকরা তাদের বিভিন্ন পেশাগত সমস্যা ও দাবি তুলে ধরেন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
