আসন্ন উপজেলা নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচনের ইচ্ছা পোষণ করায় অপপ্রচারের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের গোদাগাড়ী পৌর কমিটির সভাপতি শফিকুল ইসলাম বেলাল।
শনিবার বিকেলে গোদাগাড়ী সাংবাদিকদের সাথে সাক্ষাৎকালে এ অভিযোগ করেন তিনি।
এসময় শফিকুল ইসলাম বেলাল বলেন, “আমি দীর্ঘদিন ধরে মৎস্যজীবি দলের রাজনীতির সাথে জড়িত। জনগণের সেবা করার লক্ষ্যে উপজেলা নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচন করার ইচ্ছা পোষণ করেছি। এ কারণে একটি মহল আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে কয়েকটি অনিবন্ধিত অনলাইন পোর্টালে আমার নামে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচার করছে।”
তিনি আরও বলেন, “ওইসব পোর্টালে আমার ও আমার পরিবার সম্পর্কে যে তথ্য প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ অপপ্রচারের অংশ বলে আমি মনে করি। কোনো ধরনের তথ্য যাচাই না করেই এ ধরনের সংবাদ প্রকাশ করা দুঃখজনক।
এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বেলাল বলেন, “আমি জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকব। অপপ্রচার করে আমাকে নির্বাচন থেকে দূরে সরানো যাবে না।”
একইসাথে তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি এ ধরনের মিথ্যা সংবাদ প্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
