বাংলাদেশ দলিল লেখক সমিতির পাবনা জেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ২৬ সেপ্টেম্বর শনিবার পাবনা সদর দলিল লেখক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির চেয়ারম্যান আলহাজ্ব এস. এ. রশিদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সমিতির মহাসচিব কে. এস. হোসেন টমাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব এস. এম. আয়নাল হক,যুগ্ম মহাসচিব মোঃ সানাউল ইসলাম, যুগ্ম মহাসচিব আলহাজ্ব ফিরোজ আলম, যুগ্ম মহাসচিব মো. রুহুল আমিন খান, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা জেলা দলিল লেখক সমিতির সভাপতি ও ফরিদপুর উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মির্জা তারিকুল ইসলাম। সঞ্চালনা করেন পাবনা জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক ও পাবনা সদর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুল আলম শাহীন।
কাউন্সিলে জেলা ও উপজেলার বিপুলসংখ্যক দলিল লেখক অংশ নেন। বক্তারা সংগঠনের ঐক্য, পেশাগত মর্যাদা রক্ষা, সদস্যদের অধিকার প্রতিষ্ঠা এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
