রাজশাহী জেলার গোদাগাড়ী থানার কবুতরপাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ১৭৩ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫ এর সিপিএসসি কোম্পানি।
এসআরবি’র প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে এসআরবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় আজ ২৩ সেপ্টেম্বর রাত ১১ টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদে জানতে পেরে গোদাগাড়ী থানার কবুতরপাড়া গ্রাম এলাকায় মাটির রাস্তার পাশে সরকারি খাস জমির উপর একটি প্লাস্টিকের তৈরী বাজার করা ব্যাগের ভেতর অবৈধ মাদকদ্রব্য পরিত্যক্ত অবস্থায় রয়েছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে এসআরবি’র আভিযানিক দল সেই স্থানে অভিযান পরিচালনা করে।
এ সময় টর্চ ও সার্চ লাইটের আলোতে প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ২ টি লাল রংয়ের শপিং ব্যাগ দেখতে পায়। তল্লাশিতে ১ টি শপিং ব্যাগের মধ্যে সাদা ধূসর রংয়ের হেরোইন সাদৃশ্য পাউডার পাওয়া যায়। যার ওজন ৫২৮ গ্রাম এবং অপর ১ টি শপিং ব্যাগের মধ্যে ছোট ছোট ৬ টি সাদা পলিপ্যাকে প্রতিটি প্যাকেটের ওজন ১০৭.৫ গ্রাম করে মোট ৬৪৫ গ্রাম সহ সর্বমোট ১.১৭৩ কেজি বা ১ কেজি ১৭৩ গ্রাম হেরোইন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক জব্দ করা হয়।
উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।
