আসন্ন গোদাগাড়ী পৌরসভা নির্বাচনে ৫নং ওয়ার্ড কাউন্সিলর পদে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেয়েছেন পৌরসভার সাবেক কাউন্সিলর ও কারাতে মাস্টার মামনুর রশীদ মামুন।
দলীয় সূত্রে জানা গেছে, জামায়াতে ইসলামী গোদাগাড়ী পৌর শাখার এক বৈঠকে সর্বসম্মতিক্রমে তাকে এ মনোনয়ন দেওয়া হয়। তিনি ইতিপূর্বে গোদাগাড়ী পৌরসভার কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এলাকায় কারাতে প্রশিক্ষক হিসেবেও সুপরিচিত।
মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মামনুর রশীদ মামুন বলেন, “দল আমার উপর যে আস্থা রেখেছে সেজন্য আমি কৃতজ্ঞ। নির্বাচিত হলে ৫নং ওয়ার্ডের নাগরিক সেবা, রাস্তাঘাট উন্নয়ন, মাদক নির্মূল ও যুব সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করে একটি আধুনিক ও পরিচ্ছন্ন ওয়ার্ড উপহার দিতে কাজ করব।”
জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল খালেক বলেন, “মামনুর রশীদ মামুন একজন পরিচ্ছন্ন ও ক্রীড়াবিদ ব্যক্তিত্ব। সাবেক কাউন্সিলর হিসেবে তার অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততা বিবেচনায় দল তাকে মনোনয়ন দিয়েছে। আমরা আশা করি ৫নং ওয়ার্ডের জনগণ তাকে সমর্থন দেবে।”
উল্লেখ্য, মামনুর রশীদ মামুন দীর্ঘদিন ধরে কারাতে প্রশিক্ষণের সাথে জড়িত এবং জেলার বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় তার শিক্ষার্থীরা সুনাম অর্জন করেছে। সামাজিক কর্মকাণ্ডেও তার সরব উপস্থিতি রয়েছে।
আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে ৫নং ওয়ার্ডে নির্বাচনী আমেজ শুরু হয়েছে।
